খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৬০০ ছাড়াল

খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে। একই সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৩৮ জনে। করোনায় মৃত ও আক্রান্তের দিক থেকে বিভাগে শীর্ষে রয়েছে খুলনা জেলা আর সর্বনিম্নে মেহেরপুর জেলা। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, খুলনা ও যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছে ৩২ হাজার ৭৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৪০৫ জন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনায় করোনা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৬৯ জন। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ছয় জন। গত ২৪ ঘণ্টায় দুই জন রোগীর মৃত্যু হয়েছে।