হোমনায় বৃষ্টির পানিতে ডুবে মাহাথীর আল ফারাবী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুুধবার সন্ধ্যায় উপজেলার আসাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারাবী ঐ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। মহিউদ্দিন জানান, বিকালে বাড়ির আঙিনায় খেলা করছিল ফারাবী। কিছুক্ষণ পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের ছোট গর্তে জমে থাকা হাঁটু সমান বৃষ্টির পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। ফারাবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই স্বজনদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।