সংবাদ সংক্ষেপ

দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা করোনার প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের মধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বরকত’-এর পক্ষ থেকে কাউখালী উপজেলাসহ তত্সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে ২৬০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাউখালীর প্রত্যন্ত গ্রামে এ খাদ্য সহায়তা হিসেবে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ বাহিনীর জাহাজ বরকতের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন ও বিএনএস বরকত লেফটেন্যান্ট মেহেদী মাসুদ।

ভুট্টা ও ধানের ফলনে খুশি কৃষক

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা কিশোরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে গ্রামে গ্রামে চলছে ধান ও ভুট্টা মাড়াই উত্সব। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ভুট্টা ও ধানের ফলন এবং বাজারমূল্য ভালো থাকায় উপজেলার কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নেই এবার ধান ও ভুট্টার ভালো ফলন হয়েছে। কৃষকরা দামও বেশি পাচ্ছেন।

আইনশৃঙ্খলা কমিটির সভা

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।

সুবিধাবঞ্চিতদের মধ্যে নগদ টাকা বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে সরকারি বরাদ্দের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ টাকা, শিশুখাদ্য ও খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার এতে সভাপতিত্ব করেন।

আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল।

পুকুরের পুনঃখনন কাজ শুরু

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার ঐতিহ্যবাহী একটি পুকুরের পুনঃখনন কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। উপজেলার প্রাণকেন্দ্রে জেলা পরিষদের জায়গায় মধুমিতা পার্কে এ মিষ্টি পুকুর অবস্থিত। লবণাক্ত এলাকায় মিষ্টি পানির আঁধার হিসেবে ব্রিটিশ আমলে পুকুরটি খনন করা হয় বলে সত্তরোর্ধ্ব আজিজ গাজী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পুকুরটি খনন খুব প্রয়োজন ছিল।

প্রধানমন্ত্রীর উপহার পেলেন মুচি সম্প্রদায়ের ১৮ জন

ডোমার (নীলফামারী) সংবাদদাতা করোনা মহামারিতে ডোমারে প্রধানমন্ত্রীর উপহার পেলেন মুচি সম্প্রদায়ের ১৮ জন হতদরিদ্র ব্যক্তি। বৃহস্পতিবার বিকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমুখ উপস্থিত ছিলেন।

জলাতঙ্ক রোগ প্রতিরোধে অবহিতকরণ সভা

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশে বৃহস্পতিবার সকালে জলাতঙ্ক রোগপ্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় জলাতঙ্ক রোগ প্রতিষেধক বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের  ভেটেনারি কর্মকর্তা ডা. ফেরদৌস রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপার ভাইজার সোহরাব কবীর প্রমুখ।

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার নবাগত ওসি মো. শহিদুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই মো. মুনিরুল ইসলাম।