ফরিদপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আটক ১

ফরিদপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ১ যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার সালথা উপজেলার যুগিকান্দা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। 

 

আটক যুবকের নাম মো. রাজীব হোসেন (১৯)। তিনি ওই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। রাজীব সালথা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। 

 

র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গভীর রাতে র‌্যাবের একটি দল জানতে পারে সালথায় একটি চক্র আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন পত্র বিক্রি করছে। সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে রাজীবকে আটক করে। রাজীবের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরো পড়ুন : স্ত্রীর সঙ্গে অভিমান, চিকিৎসকের আত্মহত্যা

তিনি আরো জানান, রাজীব দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তিনি প্রতারণার উদ্দেশ্যে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার জন্য একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজের বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। 

 

 

ইত্তেফাক/ইউবি