সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছুই করবে না সরকার :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাংবাদিকদের স্বার্থ বিরোধী কোনো কিছুই করবে না সরকার। শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব। গণমাধ্যমের যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।

ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। সাংবাদিকদের আবারও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকগণ পেশাগত কারণে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেন। তথ্য অধিকার আইন অনুযায়ী অপ্রকাশযোগ্য তথ্য ছাড়া অন্যান্য তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে, কিন্তু একজন অভিজ্ঞ সাংবাদিক তথ্য সংগ্রহে যে প্রক্রিয়া অনুসরণ করেছেন তা সঠিক পদ্ধতি কি না তা ভেবে দেখার বিষয়। 

ওবায়দুল কাদের বলেন, সচিবালয়ে প্রতিদিন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন এবং তথ্য সংগ্রহ করেন। কিন্তু কেউ এভাবে লুকিয়ে ফাইলের ছবি তোলেন না কিংবা নিয়ে যান না। সংশ্লিষ্ট সাংবাদিক নিজেও ভুল স্বীকার করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এনিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কাজে সরকার কোনোরূপ হস্তক্ষেপ করবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং স্বাধীন সাংবাদিকতা ও জনমতকে সম্মান করে, অপর দিকে বিএনপি জনমতকে উপেক্ষা করে বলেই নির্বাচনে গিয়ে দুপুরের আগেই সরে দাঁড়ায় এমনকি নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে জনরায়কে অপমানিত করে। অথচ তারাই এখন জবাবদিহিতার সবক দিচ্ছে।