প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরোধিতায় রিপাবলিকানরা

ক্যাপিটলে হামলার তদন্তে কমিশন গঠনের বিল পাশ

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়টি তদন্তে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি স্বাধীন কমিশন গঠনের বিল পাশ হয়েছে। ৩৫ জন রিপাবলিকান কংগ্রেসম্যান বুধবার কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছেন। সিএনএনের এক খবরে বলা হয়েছে, প্রতি ছয় জনের এক জন রিপাবলিকান কংগ্রেসম্যান দলের নেতাদের প্রচেষ্টার বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। বিলটি ২৫২-১৭৫ ভোটে পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার তদন্তে এ ধরনের একটি কমিশন গঠন করা হয়েছিল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিলটি উচ্চকক্ষ সিনেটে যাচ্ছে। তবে বিলটির ভবিষ্যত্ অনিশ্চিত। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কমিশন গঠনের বিরুদ্ধে। তিনি ডেমোক্র্যাটদের ফাঁদে পা না দেওয়ার জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সিনেটে শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এই বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা তীর্যক ও ভারসাম্যহীন প্রস্তাব দিয়েছে। কংগ্রেসের চলমান তদন্তগুলো এক্ষেত্রে যথেষ্ট।

সিনেটে বর্তমানে দুই দলের আসন ৫০-৫০। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘টাই-ব্রেকিং’ ভোট দিতে পারেন যে কোনো বিল পাশের ক্ষেত্রে। কিন্তু স্বাধীন কমিশন গঠনের বিলটি এগিয়ে নিতে হলে কমপক্ষে ৬০ সিনেটরের ভোট লাগবে। সেক্ষেত্রে কমপক্ষে ১০ জন রিপাবলিকান সিনেটরকে বিলটির পক্ষে ভোট দিতে হবে। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় পাঁচ জন নিহত হন। ঐ হামলার জন্য মিচ ম্যাককনেল ট্রাম্প ও অন্যদের উসকানিকে দায়ী করেছিলেন।

প্রস্তাবিত স্বাধীন কমিশনে দুই প্রধান দল থেকে ১০ জন সদস্য থাকবেন। যারা এ বছরের শেষনাগাদ তদন্ত করে সুপারিশ করবেন, যাতে করে ভবিষ্যতে ক্যাপিটলে এ ধরনের আগ্রাসন বন্ধ করা যায়।

অন্যায় আক্রমণের শিকার হচ্ছি :ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মঙ্গলবার এ তথ্য জানানোর পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অন্যায় আক্রমণের শিকার হচ্ছেন। তিনি বলেন, এই তদন্তের চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই। আমরা যে কোনো ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে জয়ী হব।