হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের সোনারগাঁওয়ে রিসোর্ট কাণ্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন (৫০) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিবও ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ বলেন, সন্ত্রাস দমন আইনের একটি মামলার আসামি মাওলানা ইকবাল হোসেন বেশকিছু দিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ১৫ মে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিত্সার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, মাওলানা ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছিল।
বড় মেয়ে মাহবুবা জানান, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাবা মারা গেছেন। আমাদেরকে সকালে জানানো হয় তিনি খুব অসুস্থ। এসে দেখি তিনি আইসিইউ সাপোর্টে রয়েছেন। বিকাল ৩টায় মৃত ঘোষণা করা হয়।