পবিত্র আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপির মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার বাহিনীর নিষ্ঠুর হামলায় নারী-শিশুসহ অগণিত ফিলিস্তিনি জনসাধারণের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। বিএনপির মহাসচিব বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রব্বুল আলামীন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। বিএনপি ও বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পাঠানো বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।