প্রতারণার মাধ্যমে ডায়ানার সাক্ষাৎকার নিয়েছিলেন বিবিসির সাংবাদিক

১৯৯৫ সালে বিবিসি প্রিন্সেস ডায়ানার যে বিখ্যাত সাক্ষাৎকার প্রচার করেছিল তা নেওয়ার জন্য সাংবাদিক মার্টিন বশির যে প্রতারণার কৌশল ব্যবহার করেছিলেন, বিবিসি তা ধামাচাপা দিয়েছিল।

কীভাবে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত একজন বিচারপতি লর্ড ডাইসন। তিনি বিবিসিকে বলেছেন, বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।

বিবিসি বলেছে, এই রিপোর্টে স্পষ্ট ব্যর্থতার চিত্র বেরিয়ে এসেছে এবং আমরা এজন্য খুবই দুঃখিত। এই রিপোর্টে বলা হয়েছে, বশির ডায়ানার ভাই আর্ল স্পেনসারের সঙ্গে প্রতারণা করেছিলেন। তিনি স্পেনসারের আস্থা অর্জনের জন্য তাকে জাল নথিপত্র দেখান, যাতে বশির প্রিন্সেস ডায়ানার কাছে সহজে পৌঁছতে পারেন। এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বশির বিবিসির ম্যানেজারদের মিথ্যা বলেছিলেন যে তিনি কাউকে কোনো জাল নথিপত্র দেখাননি।

রিপোর্ট আরো বলছে ১৯৯৫ সালে বশির যেসব কথা বলেছিলেন তার একটা উল্লেখযোগ্য অংশ ছিল অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে অসত্য। -বিবিসি