ভারতে মাওবাদী-পুলিশ সংঘর্ষ, নিহত ১৩

ভারতের মহারাষ্ট্রের গাধচিরোলি জেলায় পুলিশের সি-৬০ কমান্ডো ও মাওবাদী গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের সবাই গেরিলা। শুক্রবার (২১ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জেলার ডিআইজি সন্দ্বীপ পাতিল বলেন, জঙ্গলে মাওবাদীদের একটি গোপন বৈঠকের কথা জানতে পেরে সেখানে যায় পুলিশ। গেরিলারা পুলিশের উপস্থিতি টের পেলে ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় গোলাগুলি। প্রায় একঘণ্টা ধরে এ গোলাগুলি চলে।

গোলাগুলি শেষে ১৩ মাওবাদীর মরদেহ পাওয়া যায়। পুলিশের সার্চ অপারেশন এখনো চলছে। এনকাউন্টার স্থান থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি .১২-বোরের রাইফেল, একটি .৩০৩ রাইফেল, একটি ৮ মিমি রাইফেলসহ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এসএ