আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করলো চীন

আফগান সরকার ও তালেবানদের মধ্যকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। গত সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমারের সঙ্গে এক ফোনালাপে এ কথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইই। বৃহস্পতিবার (২০ মে) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন আশা প্রকাশ করছে যে, আফগানিস্তানের ভবিষ্যত নেতারা একটি মধ্যপন্থী মুসলিম নীতি ও পররাষ্ট্র নীতি গ্রহণ করবেন। যেন প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং দৃঢ়ভাবে সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে।

ফোনালাপে আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন।

ওয়াং ইই বলেন, চীনের মূল ইন্টারেস্টগুলোতে আফগানিস্তানের দৃঢ় সমর্থনকে বেইজিং প্রাধান্য দেয়। পাশাপাশি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদাকে গুরুত্ব দেয়।

ইত্তেফাক/টিএ