নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার (২১ মে) কয়েকঘণ্টার ব্যবধানে ৩ জন আত্মহত্যা করেছে। গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধ ও পিকআপ চালক এবং হারপিক পান করে এক যুবকের আত্মহত্যার খবর জানা গেছে। গলায় ফাঁস লাগানো লাশ দু’টি নবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। অপর যুবকের লাশ সিলেটে ময়না তদন্ত শেষে দাফন করার কথা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমতিমিরপুর গ্রামের বৃদ্ধা নজির মিয়া (৭০) বাড়ির আঙ্গিনায় একটি গাছের সাথে রসি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঝুলন্ত অবস্থায় নজির মিয়ার মৃতদেহ উদ্ধার করেন।
এদিকে একই দিন গভীর রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত অবস্থায় খালেদ মিয়া (৩০) নামের এক পিকআপ চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খালেদ মিয়া পৌর এলাকার গন্ধ্যা গ্রামের লেচু মিয়ার ছেলে।
অপর দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাই গ্রামের মৃত আলতাব হুসেনের ছেলে আলী হাসান (১৮) বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের লোকজনের অগোচরে হারপিক পান করে। তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আত্মহত্যা গুলোর কারণ জানা যায়নি। পুলিশ বলছে, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড