গ্রাম্য সালিশের সিদ্ধান্তে ধর্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বাবা

ময়মনসিংহের গফরগাঁওয়ে আড়াইলাখ টাকা দেনমোহর ধার্য করে ধর্ষকের সাথেই মেয়েকে বিয়ে দিলেন এক বাবা। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগীর পিতার ধামাইল গ্রামের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। এমনকি হয়নি বিয়ের রেজিস্ট্রেশন। 

ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামাইল গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে পার্শবর্তী কালাইড় পাড় গ্রামের মো: শহীদ মোল্লার ছেলে মন্টু মিয়া (২০) বুধবার বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে তাদের বাড়িতে নিয়ে যায়।

সেখানে মন্টু মিয়া কিশোরীকে ধর্ষণ করে। রাত ৪টার দিকে মন্টু মিয়ার চাচাতো ভাই সজিব (২১) ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। তার কান্না শুনে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে তাকে উদ্ধার করে।

ধর্ষিতার পিতা (৩৫) জানায়, এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করার প্রস্ততি নেই । স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে সালিস-দরবার করে আপোষ মিমাংসা করে মন্টু মিয়ার সাথে আমার মেয়ের বিয়ে দেই। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

ইত্তেফাক/এসজেড