চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীদের তৃতীয় ডোজ নেওয়ার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। বলা হচ্ছে, টিকাটির প্রথম দুটি ডোজ গ্রহণকারীদের মধ্যে অনেকের শরীরে এখনো পর্যাপ্ত এন্টিবডি তৈরি না হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ মে) ডব্লিউআইওএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনোফার্মের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও অনেকের শরীরে এখনো এন্টিবডি তৈরি হয়নি। যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই তাদের তৃতীয় ডোজ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
অবশ্য টিকার দুটি ডোজ নেওয়ার পর যাদের ইতিমধ্যে ছয় মাস অতিক্রম হয়েছে কিন্তু শরীরে এন্টিবডি তৈরি হয়নি, কেবল তারাই তৃতীয় ডোজের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে, করোনা টিকার দুটি ডোজ গ্রহণকারীদের জন্য পর্যটন ব্যবস্থা খুলে দিতে যাচ্ছে ইউরোপ। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক অনুমোদনকৃত টিকা নেওয়া লোকেরাই ভ্রমণের অনুমতি পাবেন। অর্থাৎ যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন এন্ড জনসন এবং ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন তারাই এ আওতায় আসবেন। আর যারা চীন ও রাশিয়ার টিকা নিয়েছেন তারা আপাতত অনুমতি পাচ্ছেন না। কারণ, এই টিকাগুলো ইইউ কর্তৃক অনুমোদন পায়নি।
ইত্তেফাক/টিএ