করোনার অভিঘাত মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ জরুরি
মো. জসিম উদ্দিন
সভাপতি, এফবিসিসিআই
করোনার অভিঘাত মোকাবিলায় বেসরকারি খাতকে এগিয়ে নেওয়াই আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ। এই বাজেট হতে হবে দিকনির্দেশনামূলক এবং করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক পদক্ষেপ থাকতে হবে। জীবন ও জীবিকার যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ জরুরি।
বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। করোনায় চাকরি হারিয়েছে অনেকে। আয় কমেছে। সকর্মসংস্থানে জড়িতদের আয়রোজগার নেই বললেই চলে। এ অবস্থায় সরকার প্রদত্ত আর্থিকসহায়তা বাড়াতে হবে। শিল্পের চাকা যাতে ঘুরে, সেই ব্যবস্থাও নিতে হবে। সাধারণ জনগণের হাতেও টাকা পৌঁছাতে হবে। নইলে ভোক্তারা খরচ করতে পারবে না।
ক্ষুদ্র ও মাঝারি খাতকে প্রাধিকার দিতে হবে। শ্রমঘন শিল্প হিসেবে ক্ষুদ্র ও মাঝারি খাতে কর্মসংস্থানের সুযোগ বেশি। চতুর্থ শিল্পবিপ্লবের বিষয়টি মাথায় রেখে আন্তর্জাতিক বাণিজ্য ও বেসরকারি খাতকে গতিশীল করা, কর্পোরেট কর হার কমানো, সর্বনিম্ন আয়কর সীমা বৃদ্ধি করা দরকার। করোনায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
মো. জসিম উদ্দিন বলেন, অবকাঠামো উন্নয়ন হলেই শিল্পায়ন হবে। দেশ শিল্পায়নের দিকে এগোচ্ছে। এ মুহূর্তে সেবা খাতকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। সেবা খাত নিয়েও কাজ করতে হবে। সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একটি দেশ যখন মধ্যম আয়ের হয়, তখন সেবা খাত অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
এফবিসিসিআই সভাপতি বলেন, আন্তঃদেশীয় যোগাযোগের মাধ্যমে আমদানি, রপ্তানি ও বিনিয়োগ সহজ করতে হবে। বাংলাদেশকে এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে অর্থনৈতিক সুবিধা নিতে হবে। এশিয়া বর্তমানে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি। এফবিসিসিআইকে এশিয়ার সব দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে হবে। বিশ্বের প্রায় সব দেশ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সংস্থাসমূহের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ করছে। আমাদের এই সক্ষমতা বাড়াতে হবে।
এফবিসিসিআইরও কিছু করণীয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি পণ্য প্রবেশে বেসরকারি খাতের সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে ব্যবসায়ী, একাডেমিক এবং ধিথংক-ট্যাংকদের নিয়ে একটি বিশ্বমানের দরকষাকষি কমিটি গঠন করতে হবে। এফবিসিসিআই হওয়া উচিত গবেষণাভিত্তিক। যারা প্রকৃত ব্যবসায়ী এফবিসিসিআই হবে তাদের সংগঠন।