ভারতে ফের এক দিনে মৃত্যু ৪ সহস্রাধিক

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও ফের বেড়েছে মৃত্যু। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ হাজারেরও বেশি মানুষ। ঐদিন ২ লাখ ৫৯ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন মারা গেছে ৪ হাজার ২০৯ জন। খবর এনডিটিভির

দেশটিতে করোনায় সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১। আর মোট মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। ভারতে বুধবার ২ লাখ ৭৬ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ৩ হাজার ৮৭৪ জন। মঙ্গলবার ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ৪ হাজার ৫২৯ জন। ভারতে আগে কখনো এক দিন এত মানুষ করোনায় মারা যাননি।

গত মার্চের মাঝামাঝিতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটির মাইলফলক ছাড়ায়। গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে ৪ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে ৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়। গত চার দিন ধরে ভারতে ৩ লাখের নিচে করোনা শনাক্ত হচ্ছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এর সংক্রমণ বাড়ছে। এ কারণে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও।

বিশ্বে বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্র ভারত। ভারতে সংক্রমণের ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উত্সব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যুর যে হিসাব দেশটির সরকার দিচ্ছে, তার চেয়ে প্রকৃত সংখ্যা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।