নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার কারারচর সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়া সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, ভোর ৫ টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আরো পড়ুন: এসএসসির প্রবেশপত্রের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতি ও ড্রাইভারের চোখে ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/বিএএফ