সহকর্মীকে ধর্ষণের মামলা
বিবিসি
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলায় খালাস পেয়েছেন ভারতের তেহেলকা ম্যাগাজিনের সাবেক সম্পাদক তরুণ তেজপাল। ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেয়।
তরুণের অজ্ঞাতনামা এক নারী সহকর্মী ২০১৩ সালে তার বিরুদ্ধে গোয়ায় একটি হোটেলে তেহেলকার বার্ষিক সভা চলাকালে লিফটের ভেতর যৌন হেনেস্তার অভিযোগ আনেন। এই অভিযোগের ভিত্তিতে নভেম্বরেই পুলিশ তরুণকে গ্রেফতার করে এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার আগে তাকে সাত মাস কারাবাস করতে হয়েছে। ২০১৪ সালের জুলাই মাসে জামিন পান এ সাংবাদিক। শুরু থেকেই তরুণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৭ সাল থেকে গোয়ার একটি আদালতে তরুণের বিরুদ্ধে হওয়া এ মামলার শুনানি শুরু হয়। ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেন। পুলিশ তরুণের বিরুদ্ধে প্রায় ৩ হাজার পাতার অভিযোগপত্র দায়ের করেছিল। যেখানে তার বিরুদ্ধে ‘বলপূর্বক আটকে রাখা, সম্ভ্রমহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ, যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ আনা হয়।’ এ মামলার শুনানি গোপনে অনুষ্ঠিত হয়েছে। অর্থাত্, সাংবাদিকদের আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। প্রসিকিউশন থেকে শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলা হয়েছে।
ভারতের সুপরিচিত সাংবাদিকদের অন্যতম তরুণ তেজপাল। কয়েক দশক ধরে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকায় কাজ করার পর তার হাত ধরেই ২০০০ সালে তেহেলকা ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। দ্রুতই তেহেলকা বেশ কয়েকটি বড় বড় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যা নিয়ে দেশ জুড়ে হইচই পড়ে যায়। বিশেষ করে তেহেলকার সাংবাদিকদের ছদ্মবেশে ‘স্টিং অপারেশন’ চালিয়ে নানা অপরাধ ও দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য দ্রুতই ম্যাগাজিনটি পাঠকপ্রিয়তা পায়।