জাপানে দ্রুতগতির একটি চলন্ত বুলেট ট্রেনের চালক ককপিট ফাঁকা রেখে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন। এ ঘটনায় চালককে শাস্তির মুখে পড়তে হতে পারে। বিবিসি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনচালক এক কন্ডাক্টরকে ককপিটে থাকার জন্য বলেছিলেন। কিন্তু সেই কন্ডাক্টরের ট্রেন চালানোর লাইসেন্স ছিল না। ট্রেনটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলছিল। হিকারি ৬৩৩ নামের ট্রেনটিতে ঐ সময় ১৬০ জন যাত্রী ছিলেন। ককপিট ফাঁকা রেখে চালকের টয়লেটে যাওয়াতে কোনো দুর্ঘটনা না ঘটলেও রেলওয়ে কোম্পানি বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানিয়ে ক্ষমা চেয়েছে। সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি (জেআর সেন্ট্রাল) জানায়, রবিবার সকালে এ ঘটনা ঘটে। ট্রেনটি শিজুকা প্রশাসনিক এলাকা অভিমুখে যাচ্ছিল। ৩৬ বছর বয়স্ক ঐ ট্রেন চালকের নাম জানানো হয়নি। তিনি পেটের ব্যথায় ভুগছিলেন। তার দ্রুত টয়লেটে যাওয়া প্রয়োজন ছিল। কন্ডাক্টরকে ককপিটে ডেকে পাঠিয়ে তিনি তিন মিনিট ট্রেনের যাত্রীদের টয়লেট ব্যবহার করেন। কোম্পানির আইন অনুযায়ী, কোনো চালক অসুস্থবোধ করলে তাকে অবশ্যই ট্রান্সপোর্ট কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাছাড়া, কোনো কন্ডাক্টরের লাইসেন্স থাকলেই কেবল তাকে ট্রেন চালানোর জন্য ডাকা যেতে পারে। তাই নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুলেট ট্রেনের ঐ চালক এবং কন্ডাকটর এখন শাস্তির মুখে পড়তে পারেন বলে জানিয়েছে কোম্পানি।