বিপাকে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক
বিশেষ প্রতিনিধি
দক্ষ চালকের অভাবে পণ্য পরিবহন যানবাহন চলাচলে সংকট তৈরি হয়েছে। ফলে অনেক মালিক তাদের যানবাহন সড়কে নামাতে পারছেন না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দক্ষ চালক তৈরির জন্য পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষণকেন্দ্র চালু ও শর্ত শিথিল করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।
গতকাল তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার। সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, ‘পণ্য পরিবহন শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণ ও অপরিহার্য শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। এই শিল্পের প্রত্যেক মালিক ও শ্রমিক দেশ মাতৃকার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি এই শিল্পের গাড়ির চাকা যত দ্রুত ও সহজভাবে চলবে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির চাকাও তত দ্রুত অগ্রসরমান হবে। কিন্তু বাংলাদেশে গত বছর মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারণে এই বিকাশমান ও সম্প্রসারণশীল শিল্প আজ হুমকির মুখে পড়েছে। অন্যদিকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর প্রভাবে অনেক চালক এই পেশায় আগ্রহ হারিয়ে অন্য কাজ বেছে নিয়েছে। তাতে দেখা দিয়েছে দক্ষ চালকের অভাব।
সভায় অন্য বক্তরা বলেন, দেশে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কোনো সমীক্ষা ছাড়া গাড়ি আমদানি করে চাহিদার চেয়ে অতিরিক্ত গাড়ি বিক্রি করা হয়েছে। কিন্তু চালক সৃষ্টি না করেই গাড়িগুলো বিক্রি করা হচ্ছে। এতে চালকের অভাবে দিনের পর দিন পণ্য পরিবহন গাড়িগুলো পড়ে রয়েছে। অন্যদিকে দেশে পর্যাপ্তসংখ্যক চালক প্রশিক্ষণকেন্দ্র না থাকায় দক্ষ চালকের অভাবও দেখা দিয়েছে। নেতৃবৃন্দ লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করার আহ্বান জানান।