সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরে এক নারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন উপজেলার লক্ষীপুর তালতলা গ্রামের মোসলেম উদ্দিন মুসা, তার স্ত্রী মোসাম্মত তাছলিমা আক্তার, ছেলে আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মেয়ে আমেনা বেগম ও পৌর এলাকার আজিমপুর গ্রামের আজমের ছেলে আবু সায়েদ। মামলার তদন্ত কর্মকর্তা শেখ তারিকুল ইসলাম বলেন, সাত আসামির মধ্যে ছয় জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, বাড়ি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে গত ৯ মে আসামিরা অর্থাত্ হাজেরার ভাসুর, তার স্ত্রী ও সন্তানেরা ধারালো অস্ত্র দিয়ে হাজেরার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত থেকে ঐ দিনই তারা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্যে হাজেরার স্বামী ইস্রাফিলকে হুমকি দিচ্ছে। প্রাণের ভয়ে হাজেরা স্বামীর বাড়ি ছেড়ে তাদের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।