স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীতে ৫টি ফ্লাইওভার ও ১৯টি অবকাঠামো নির্মাণের নকশা প্রণয়ন ও বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে রাসিকের পক্ষে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে যথাক্রমে ‘সার্ম এ্যাসোসিয়েট পরিচালক (অপারেশন)’ শেখ মাসুম মো. সালাহউদ্দিন, ডিপিএম পরিচালক লাইক মো. মুস্তাক, ভিস্তারা আর্কিটেক্ট ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ স্বাক্ষর করেন।
রাসিক সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রকল্প-১ এর আওতায় ৮৯ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিং ফ্লাইওভার; ১১৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিং ফ্লাইওভার; ২০৮ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর রেলওয়ে ক্রসিং ফ্লাইওভার; ১১৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ভদ্রা রেলওয়ে ক্রসিং ফ্লাইওভার নির্মিত হবে। প্রকল্প-২ এর আওতায় ২৯১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নগরীর বর্ণালীর, বন্ধ গেইট ও নতুন বিলসিমলা রেলওয়ে ক্রসিং পর্যন্ত সমন্বিত ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া প্রকল্প-৩ এর আওতায় ১৯টি বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে। এসব অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৫৯ লাখ টাকা।