শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব (৬৫) গতকাল শুক্রবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৭ জুলাই উপজেলার সাতগাঁও ইউনিয়নের এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক রনধীর কুমার দেব রাজনৈতিক জীবনে ১৯৮৮ সাল থেকে একনাগাড়ে চার বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০০৯ সাল হতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈকিত, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠকসহ অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়।