ডিএসসিসি ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র তাপস বলেন, ‘তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন এবং সব সময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন। ৭৩ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনের নবসংযুক্ত ওয়ার্ডসমূহের একটি হওয়ায় তিনি কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।’ তাপস শোকবার্তায় আরো বলেন, ‘দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পরপর দুবার করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব-কর্তব্য পালনে সর্বদা সচেষ্ট মো. শফিকুল ইসলামের মৃত্যুতে করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতির যাত্রাপথে আমি এক নির্ভরযোগ্য সহযোগীকে হারালাম।’