মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সংস্কারের অভাবে মির্জাপুর এলজিইডির অধীনে থাকা বুদিরপাড়া-আনাইলবাড়ী-আড়াইপাড়া সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। গত বছরের দীর্ঘস্থায়ী বন্যায় সড়কের দুই পাশ ভেঙে সড়ক ও ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের প্রকল্প তৈরি করে জেলা উন্নয়ন প্রজেক্ট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সড়কটি পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত ব্রিজের কাজ করা হবে।