স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলার পল্লিতে জাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত জাহিদুল ইসলাম হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত ছাদেকুল ইসলামের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জাহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে প্রতিপক্ষরা হত্যা করে লাশ বাঁশঝাড়ে ঝুলিয়ে রেখেছে বলে স্থানীয়দের ধারণা। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।