চুয়াডাঙ্গায় ভারতফেরত কিশোরসহ করোনায় দুই জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাকিব উদ্দিন (১৭) নামের ভারতফেরত এক কিশোর করোনায় মারা গেছে। এছাড়া, একই হাসপাতালে চিকিত্সাধীন করোনা আক্রান্ত রোগী আবুল হোসেন (৬৫) নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে এক ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। সাকিবের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ায় এবং আবুল হোসেনের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে। ভারতে চিকিত্সা করতে গিয়ে আটকে পড়া সাকিব গত ৯ মে বাবা-মাসহ বেনাপোল বন্দর হয়ে দেশে ফেরে। ১১ মে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে ভর্তি করা হয়। ১২ মে করোনা পরীক্ষায় সাকিব ও তার মা করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া, ১৫ মে আবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ১৬ মে তার করোনা শনাক্ত হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) এএসএম ফাতেহ আকরাম জানান, করোনা প্রটোকল মেনে দাফনের নির্দেশনাসহ করোনায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।