স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্রি করা গণকবরের মাটিতে পাওয়া পাঁচটি মর্টারসেল নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার দুপুরে মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিজপোজাল টিম। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে ২৫ জনের একটি দল মর্টার শেল উদ্ধার হওয়ার স্থানে যান। পরে পরিত্যক্ত মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করেন তারা। এ নিয়ে প্রায় এক ডজন মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনীর সদস্যরা।