হোমনায় স্বাক্ষর জাল করায় একজনকে জরিমানা

হোমনা (কুমিল­া) সংবাদদাতা

হোমনায় ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ নেয়ার চেষ্টা করায় মো. মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এ জরিমানা করেন। মাথাভাঙ্গা ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, ডুমুরিয়া গ্রামের মৃত সবদর আলীর ছেলে মোশারফ হোসেন মৃত নেকবর আলীর নামে ওয়ারিশ সনদ নিতে আমার স্বাক্ষর জাল করে আবেদন করেন। পরে বিষয়টি চেয়ারম্যান ও ইউএনওকে অবহিত করার পর তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে। ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া জানান, বিষয়টি জানতে পেরে ইউএনও ও ওসিকে অবহিত করেছি। পরে ইউএনও এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমন দে জানান, ভুল তথ্য উপস্থাপন করে ওয়ারিশ সনদ আনতে গেলে সচিব তা আটকে দেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান মতে, তার কাছ থেকে মুচলেকা রেখে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।