সংবাদ সংক্ষেপ

ডোমারে ধান মাড়াই গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলায় ধান মাড়াই গাড়ির ধাক্কায় মিলন রায় সনু (৭) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মিলন শালমারা এলাকার দীপক চন্দ্র রায়ের ছেলে। এসময় এলাকাবাসী ধানমাড়াই গাড়ির চালকসহ দুই জনকে আটক করে পুলিশে দেয়। তবে অভিযুক্তরা তাদের গাড়ির সঙ্গে কারো ধাক্কা লাগেনি বলে দাবি করেন।  ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এলাকাবাসী দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নে শুক্রবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিনা আক্তার মনি (৩৫)। তিনি এ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়ার ঘোনা এলাকার সাহেরখালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের মা থানায় এসেছে। তার সঙ্গে কথা বলছি, তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

নাসিরনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে রহমত আলী (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত রহমত আলী বুড়িশ্বর ইউনিয়নের চানপাড়া গ্রামের মৃত ফালান ফকিরের ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আপেল চৌধুরী (২৩) নামের একজনকে আটক করা হয়েছে।

নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা নন্দীগ্রামে বজ্রপাতে আব্দুল হান্নান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের পারেজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকে হান্নান অন্য শ্রমিকদের সঙ্গে টাকুরাই মাঠে জমসেদ আলীর জমিতে ধান কাটছিলেন। দুপুর ১২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ধানখেতেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যানসার হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর অঞ্চলের মানুষের ক্যানসার চিকিত্সা সেবা প্রদানের লক্ষ্যে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বিকালে রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে টিপু মুনশি ফাউন্ডেশন চেরিটেবল ক্যানসার হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরর স্থাপন করেন। হাসপাতালটি টিপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে নির্মিত হবে বলে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন প্রমুখ।

নাটোরে আম সংগ্রহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি নাটোরে শুক্রবার আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামের একটি আম বাগানে এ আম সংগ্রহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।