আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

বাংলাদেশকে উপহার হিসেবে আরো ৬ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলাপকালে তিনি জানান, উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা দেবে চীন। গতকাল ঢাকায় চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে মহামারি পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে চীন। বাংলাদেশের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োজন। এ বিষয়টিতে চীনও উদ্বিগ্ন। মাত্র ১০ দিন আগেই চীন থেকে উপহারের প্রথম চালানে ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।

দ্বিতীয় দফায় আরো টিকার উপহারের ঘোষণা প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্ব দেয় চীন। এই টিকা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করবে বলে চীন বিশ্বাস করে।