অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনা হচ্ছে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সুশাসনের স্বার্থে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলের কাউকেও ছাড় দিচ্ছে না।

গতকাল শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। কাদের বলেন, বিএনপি মহাসচিব আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে?  যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না।

বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জনগর্জনই সার। জনগণ সরকারের পাশে নেই-মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে এ দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে।

যেন দুর্নীতি প্রকাশ না পায় সেজন্য গণমাধ্যমের ওপর আঘাত এনেছে সরকার—বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে সাংবাদিক শামসুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ বেশ কিছু সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়। অনেককে নির্যাতন করা হয়েছিল। তাহলে কি বিএনপি তাদের দুর্নীতি ঢাকতেই এসব হত্যা ও নির্যাতন করেছিল? দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।