রাজশাহীর বাজারে সুস্বাদু গোপালভোগ

রাজশাহীর সবচেয়ে বড় এবং উত্তরাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম আমের হাট বানেশ্বরে গুটি আমের পাশাপাশি সুস্বাদু গোপালভোগ আমও উঠেছে। তবে অল্প পরিমাণ ও ছোট আকৃতির এই গোপালভোগ বাইরের ক্রেতাদের (পাইকার) মন জয় করতে পারেনি। তাই জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ে বাজারে আসা গোপালভোগের পাইকারি দাম প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে একই আম শহরের খুচরা বাজারে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শিগিগরই জমে উঠবে আমের বাজার। একই সঙ্গে বাড়তে পারে দাম।

ব্যবসায়ীরা জানান, বাইরের ক্রেতা ও পাইকার কম থাকায় এবং আমের আকৃতি ছোট হওয়ায় বৃহস্পতি ও শুক্রবার বানেশ্বর হাটে গোপালভোগের দাম কম ছিল। প্রতি মণ গোপালভোগ আম ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। বানেশ্বর হাটে ২৪০টি আড়তের মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ২০-২৫টি আড়ত খুলেছে। হাটে বড় আকৃতির আম আসামাত্র অবশিষ্ট আড়ত খুললে বাজার জমজমাট হয়ে উঠেবে।

এদিকে গত ১৫ মে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষিরা। বাজারে বেশি বিক্রি হচ্ছে গুটি জাতের আম। তবে এসব আমের চাহিদা কম। উন্নত ও সুস্বাদু আমের প্রতীক্ষায় ছিল ভোক্তারা। সেই প্রতীক্ষার পালা শেষ। বানেশ্বর বাজারের আড়তদার মো. শিমুল ইসলাম জানান, শুক্রবার গুটি আম পাইকারি বিক্রি হয়েছে প্রতি মণ ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। কয়েকটি ভ্যানে ছোট আকৃতির গোপালভোগ উঠলেও পাইকার ও দাম কম ছিল। ছোট গোপালভোগ প্রতি মণ ১ হাজার ৬০০ টাকা আর বড় সাইজের প্রতি মণ ২ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।