মাওলানা ইকবালের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করুন : বাবুনগরী

কারাবন্দি অবস্থায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা ইকবাল হোসেনকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে অসুস্থ হলে তাকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কারাবন্দি অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি আরো বলেন, কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিত্সাসেবা দেওয়ার বিধান রয়েছে। মাওলানা ইকবাল হোসেনকে যথাযথ চিকিত্সাসেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, গ্রেফতার হওয়া ওলামায়ে কেরামের মধ্যে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কারাগারে অসুস্থ বলে খবর পেয়েছি। অসুস্থ হওয়া ওলামায়ে কেরামসহ এ পর্যন্ত গ্রেফতার হওয়া সব আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।