মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে। এক নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার মিয়ানমার নাও এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। যদিও ঐ বৈঠক বয়কট করে এনএলডিসহ একাধিক রাজনৈতিক দল।
জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয়ে গণমাধ্যমটিকে বলেন, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল। এনএলডির নির্বাচনি আচরণ ছিল বেআইনি। এ কারণে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। যারা এ ধরনের (জালিয়াতি) করেছে তারা বিশ্বাসঘাতক বলে বিবেচিত হবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এ ব্যাপারে জান্তা সরকারের মুখপাত্র এবং গণতন্ত্রপন্থি জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঐক্যের সরকারে সু চির দল এনএলডির সদস্যরাও আছেন।
গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে সরিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা। নির্বাচনে জালিয়াতির অভিযোগে তারা ক্ষমতা দখলে বাধ্য হয়েছে বলে জানায়। তখন সামরিক সরকারের পক্ষ থেকে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সঙ্গে জানানো হয়, তারা একটি অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
অভ্যুত্থানে গ্রেফতার হওয়ার পর সু চি এখনো বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে ঔপনিবেশিক আমলের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের’ মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। অভ্যুত্থানের পর সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৮০০র বেশি মানুষের মৃত্যু হয়েছে।