শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি মিম 

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল পৌর শহরের রাজবাড়ি এলাকায় এক গৃহবধূকে পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধূ মিম (২৩) তার শ্বশুর বাড়ির লোকজনের হাতে প্রচণ্ড নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত গৃহবধূ মিম রাজবাড়ি মহল্লার ওবায়দুর রহমানের (৩৭) স্ত্রী। 

জানা গেছে, প্রায় দু'বছর আগে রাণীশংকৈল পৌর শহরের রাজবাড়ি মহল্লার গোলাম রব্বানীর ছেলে ওবায়দুর রহমানের সাথে ঠাকুরগাঁও শিবগঞ্জের হাফিজুল ইসলামের মেয়ে খাদিজাতুল কোবরা মিমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী স্ত্রী দুজনের মাঝে বিভিন্ন বিষয়ে ভুল বুঝাবুঝি ও যৌতুক নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়।  এ কারণে ওবায়দুরসহ তার পরিবারের লোকজনেরা মিমকে অনেকবার শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার বিচার সালিশ হয়।

এক পর্যায়ে ওবায়দুর মিমকে মারধর করে একতরফা তালাক দিলে মিম রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে থানায় বিচার সালিশে ওবায়দুর ভুল স্বীকার করে এবং তার স্ত্রীকে আর নির্যাতন না করার লিখিত অঙ্গীকার দেয়। কিন্তু কিছু দিন পর আবার মিমের উপর নির্যাতন শুরু হয়। গত ১৪ মে ঈদ পালন করে ওবায়দুর পরদিন ১৫ মে স্ত্রী মিমকে তার বাবার বাড়িতে রেখে কর্মস্থলে চলে যায়। 

গত ২০ মে বিকেলে মিম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলে ঐ বাড়িতে তালা লাগানো দেখতে পায়। মিম তার শাশুড়ি ও অন্যদের কাছে ঘরের চাবি চাইলে তাকে এর মধ্যে তালাক দেওয়া হয়েছে বলে জানানো হয়। তাকে আর ঐ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়। এতে মিম কান্নাকাটি করে ঘরে ঢোকার চেষ্টা করলে শ্বশুর বাড়ির লোকেরা তাকে প্রচন্ড মারধর করে আহত করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ঐ রাতেই স্থানীয় লোকজন আহত মিমকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। তবে এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানান ওসি (ওদন্ত) আব্দুল লতিফ শেখ। 

ইত্তেফাক/এসআই