রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা থেকে ফেনসিডিল বহনকালে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাদক জব্দ করা হয়। শুক্রবার (২১ মে) জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত শিক্ষকের নাম শুভেন্দু বোস (৪২)। রংপুর শহরের ইংলিশ মিডিয়াম স্কুল মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। অপর দুই জন, নগরীর ধাপ হাজিপাড়ার রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং কাউনিয়া উপজেলার চওড়ারহাটের হবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শুভেন্দু বোস, গাড়িচালক রবিউল ইসলাম এবং জাহাঙ্গীর আলম সিরাজকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। তারা নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাড়িতে মাদক বহন করে এবং রংপুরের ধাপ মেডিক্যাল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে তা বিক্রি করে।
এ ঘটনায় শিক্ষক শুভেন্দু বোসসহ তিন জনের বিরুদ্ধে গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি