কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৭৭ ধারায় মামলা দায়ের করেছেন তিনি।

পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম বলছে, কুমার হেগড়ে অভিনেত্রী কঙ্গনা রনৌতের দেহরক্ষী। এ ছাড়া ধর্ষণের শিকার ওই নারী বলিউডে বিউটিশিয়ান শিল্পী হিসেবে কাজ করেন।

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, ২০১৩ সাল থেকে কুমারের সঙ্গে তার পরিচয়। কুমার তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি রাজি হয়ে যান। তারা একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু তারপর থেকেই ক্রমাগত শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করতে শুরু করেন কুমার। কিছুদিন আগে আচমকাই কুমার তার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে নিজের বাড়ি চলে যান। তারপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। শহরের বাইরে যাওয়ার সময় ওই নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ হিসেবে নিয়েও যান।

তবে নিজের দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও এখনো নীরব আছেন অভিনেত্রী কঙ্গনা রনৌতে।

ইত্তেফাক/বিএএফ