ফটোসেশনের জন্য হেলিকপ্টারে: মোদিকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

ভারতে গত সপ্তাহের শুরুতে ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাটে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানী ঘটেছে। পরে নিজ এলাকা গুজরাট পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে করে পুরো অঞ্চল ঘুরে দেখেন তিনি। এবার সেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রধানকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ (২২ মে) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার তাওকতের প্রভাবে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলের রত্নগিরি ও সিন্ধুদুর জেলায় পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে তিনি প্রায় চার ঘণ্টা অবস্থান করেন। যা নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন রাজ্য বিজেপির নেতারা। তাদের ভাষ্য, মুখ্যমন্ত্রী অল্প সময় থেকেছেন। মূলত সেটির জবাবেই উদ্ধব ঠাকরে পাল্টা আক্রমণ করলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, যদি আমার পরিদর্শন চার ঘণ্টারও হয় তাহলে ঠিক আছে। অন্তত আমি মাটিতে থেকে সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি এবং ফটোসেশনের জন্য হেলিকপ্টারে ছিলাম না। আমার ফটোগ্রাফার আমি নিজেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে বিরোধীদের সমালোচনার প্রতিক্রিয়া জানাতে আসিনি।

করোনায় পর্যুদস্ত ভারতের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় তাওকতের আঘাতে অন্তত ২১ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ৯৬ জন। তাওতের আঘাতে গাছপালা উপড়ে গেছে, মোবাইল টাওয়ার ধসে পড়েছে এছাড়া খুঁটি উপড়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এগুলোকে মনে হচেছ একেকটা নদী।

ইত্তেফাক/টিএ