এইচএসসি পরীক্ষা:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন), প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

 

প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগত। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের প্রথম অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সুবিধার্থে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর  উপস্থাপন করা হলো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসমূহ পড়ার সাথে সাথে তোমাদের জ্ঞানমূলক উত্তরসমূহও আয়ত্তে চলে আসবে। কারণ প্রত্যেক অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের সাথে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জড়িত। আর উদ্দীপক তৈরির ক্ষেত্রেও তোমাদের তা কাজে আসবে। সেজন্য খুব দ্রুত অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নসমূহ জেনে নাও।

৫। প্রাথমিক শিল্প বলতে কী বোঝায়?

উত্তর:প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উত্পাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়।

প্রকৃতির সহায়তা নিয়ে কোনো কাজ শুরু করা বা কোনো কাজ শুরু করার মৌলিক উপকরণ গুলোই প্রাথমিক শিল্প হিসেবে গণ্য। জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা, শামুক ও ঝিনুক ইত্যাদি সংগ্রহ, জমিতে বীজ রোপন করে চারা উত্পাদন, হ্যাচারিতে রেণু থেকে পোনা উত্পাদন, গাভী হাঁস-মুরগী পালন এই সবই প্রাথমিক শিল্পের অন্তর্গত। এইগুলোতে প্রকৃতি প্রদত্ত কিছু কিছু উপকরণ সরাসরি ব্যবহার করা হয়। যার মধ্যে কৃষি শিল্প অন্যতম।

৬। নির্মাণ শিল্প বলতে কী বোঝায়?

উত্তর:যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা, রেলপথ, জাহাজ ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়।

মানুষের ব্যবহার উপযোগী ছোট বড় বিভিন্ন অবকাঠামো নির্মাণ করাকে নির্মাণ শিল্প বলা হয়। এই নির্মাণ শিল্প ছোট বড় বিভিন্ন ধরণের হতে পারে। যেমন বাঁধ নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ,  মেট্রোরেল বা এলিভ্যাটেড এক্সপ্রেস ইত্যাদি। এই সব অবকাঠামো নির্মাণে আবার অনেক সময় দেশী বিদেশী বড় বড় বহুজাতিক কোম্পানি অংশ গ্রহণ করে থাকেন। এই ধরণের নির্মাণ কোম্পানি ফরমায়েশের ভিত্তিতে বা টেন্ডারের ভিত্তিতে এই সকল কাজে অংশগ্রহণ করে থাকেন।

৭। প্রজনন শিল্প বলতে কী বোঝায়?

উত্তর:অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকরণের প্রচেষ্টা চালানো হয় তাকে প্রজনন শিল্প বলা হয়।

প্রজনন শিল্প বংশবিস্তারকরণের একটি কর্ম প্রচেষ্টা মাত্র। এই পদ্ধতিতে প্রথমে বীজ থেকে চারা, পরবর্তীতে চারা থেকে গাছ, গাছ থেকে আবার বীজ এভাবে বংশবিস্তার কার্যক্রম পরিচালনা চলমান থাকে অর্থাত্ উত্পাদিত পণ্য বা সম্পদ পুনরায় উত্পাদন কাজে ব্যবহূত হয়।

৮। খুচরা ব্যবসায় বলতে কী বোঝায়?

উত্তর:পাইকারের কাছ থেকে ক্ষেত্র বিশেষে আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে ভোক্তার নিকট সরাসরি বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলা হয়।

পণ্য বণ্টন প্রণালীতে উত্পাদনকারী, পাইকার এবং খুচরা ব্যবসায়ী রয়েছে। খুচরা ব্যবসায়ী বণ্টন প্রণালীর সর্বশেষ অবস্থান করে। তবে এই স্তরে সরাসরি ভোক্তার হাতে পণ্য তুলে দেওয়া হয়। এই খুচরা ব্যবসায়ীর কারণে ভোক্তা বা ক্রেতা খুব সহজেই হাতের নাগালে  পণ্য সামগ্রী পেয়ে থাকে।

৯। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝায়?

উত্তর:একটি দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পূর্ণ হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এইরূপ ব্যবসায়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই একই দেশের অধিবাসী হয়ে থাকেন। তাদের আর্থিক লেনদেন সাধারণত দেশীয় মুদ্রায় হয়ে থাকে। পাইকারী ও খুচরা এই দুই ধরণের  অভ্যন্তরীণ বাণিজ্য হয়ে থাকে। উত্পাদনকারী পাইকারী ব্যবসায়ীর নিকট, পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর নিকট এবং খুচরা ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তার নিকট পণ্য বিক্রি/সরবরাহ করে থাকেন। ক্রেতা বা ভোক্তা সাধারণের চাহিদা পূরণে এই অভ্যন্তরীণ বাণিজ্য বিশেষ ভূমিকা পালন করে থাকেন।