‘দর্শকদের হতাশ করবো না’

বিনোদন ডেস্ক

 

করোনার কারণে বলিউডে যেমন স্তব্ধ হয়ে গেছে নতুন সিনেমার কার্যক্রম, তেমনি বন্ধ রয়েছে পুরনো সিনেমার শুটিং। সেই তালিকায় রয়েছে বলিউড তারকা সারা আলী খান ও ভিকি কৌশলের ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ সিনেমাটি। ২ বছর আগে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হলেও করোনাসহ নানা কারণে শুটিংসেটে গড়ায়নি রিনি স্ক্রুওয়ালা প্রযোজিত এই সিনেমাটি। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। শিগগিরই শুটিং ফ্লোরে গড়াচ্ছে মহাভারত অবলম্বনে নির্মিতব্য সুপারহিরো নির্ভর এ সিনেমাটি।  জানা গেছে, সম্প্রতি সিনেমাটির চরিত্র নির্বাচন থেকে শুরু করে সিনেমাটির অন্যান্য কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে শুটিং শুরু হবে। একটানা ৫ মাস শুটিং শেষে আগামী বছরই মুক্তির কথা জানিয়েছেন সিনেমাটির প্রযোজক। এ প্রসঙ্গে সারা আলী খান বলেন, ‘বর্তমান অবস্থা সম্পর্কে তো আমরা সবাই জানি। এখন জীবন বাঁচানোর জন্য সবাইকে লড়াই করতে হচ্ছে। শুধু আমার নয়, সবার সিনেমার কাজই বন্ধ রাখতে হয়েছে।  

এর মাঝে এই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে এটা শুধু আমার নয়, ইন্ডাস্ট্রির জন্যও আশার কথা। মহাভারতের গল্পের সিনেমায় কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জের। তবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আশা করছি দর্শকদের হতাশ করবো না।’