আটক ২
ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা
ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজ স্কুলছাত্র আকাশ মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অষ্টধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ির পেছন থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আকাশ উপজেলার অষ্টধর ইউনিয়নের ভুগলি মন্ডলবাড়ী গ্রামের আক্রাম হোসেনের ছেলে। সে স্থানীয় অষ্টধর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ত। ময়মনসিংহ সদর সার্কেল পুলিশের এএসপি আলাউদ্দিন জানান, গত ২ মে ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ে ও আকাশ গোপনে কোর্ট ম্যারেজ করে যে যার বাড়িতে ফিরে যায়। বিষয়টি সম্প্রতি উভয় পরিবারের লোকজন জানতে পারে। গত বুধবার মেয়েটি ফোন করে আকাশকে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। এদিকে, ছেলেকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার রাতে আকাশের বাবা আক্রাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ি তল্লশি করে। এ সময় ঘরের পাশে রক্তের দাগ আর খুঁড়ে রাখা মাটি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে সেই জায়গা খুঁড়ে আকাশ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা রোজিনা আক্তার ও চাচি নার্গিস আক্তারকে আটক করা হলেও অন্য অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।