সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন। শনিবার সকাল ৬টায় নওগাঁ থেকে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামে যাওয়ার পথে শীতলপুরের সাইনবোর্ড মদনহাট নামক স্থানে উলটে যায়। এতে চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫) ঘটনাস্থলে মারা যান। বাকি আট জনকে চমেক হাসপাতালে নেওয়ার পর ডাক্তার নবীর হোসেন (৩০) ও আতিকুর রহমানকে (২৭) মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের মুজিবনগরে ইট ভাঙা গাড়ি উলটে ইজারুল ইসলাম (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর আনন্দবাস সড়কের বাগোয়ান অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বল্লভপুরের দিক থেকে ইট ভাঙা গাড়িতে করে দারিয়াপুর ও পুরন্দরপুর গ্রামের ইট ভাঙা শ্রমিকরা আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি রাস্তার পাশে গর্তে উলটে গেলে ইজারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।