পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আতা গ্রামে গৃহবধূ অর্পিতা মজুমদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় তার শ্বশুরসহ দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে অর্পিতার বাবা লিটন মজুমদার তার মেয়ের স্বামী সবুজ রায়, শ্বশুর শৈলেন্দ্রনাথ, শাশুড়ি যমুনা রায় ও আত্মীয় অনুপ রায়কে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি শৈলেন্দ্রনাথ রায় ও অনুপ রায়কে গ্রেফতার করেছে। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি অর্পিতার ওপর নির্যাতন চালাত। অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার রাতে অর্পিতা কীটনাশক পান করে। শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান জানান, শুক্রবার রাতে অর্পিতার বাবা চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি শ্বশুর শৈলেন্দ্রনাথ রায় ও অনুপ রায়কে গ্রেফতার করে শনিবার পিরোজপুর আদালতে পাঠিয়েছে। পলাতক স্বামী ও শাশুড়িকে গ্রেফতারে অভিযান চলছে।