কাশ্মীরে টিকা নিয়ে দৃষ্টান্ত গড়লেন ১২০ বছরের বৃদ্ধা

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে করোনার টিকা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন ১২০ বছরের এক নারী।

বৃদ্ধা ঢোলি দেবী টিকা নিয়ে এলাকায় অন্যদের মধ্যে উত্সাহ জুগিয়েছেন। তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ডার লে. জেনারেল ওয়াই কে জোশি। তিনি ঐ বৃদ্ধার সঙ্গে দেখা করতে শুক্রবার তার বাড়িতে হাজির হন। ঢোলি দেবীর বাড়ি জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলার গার কাতিয়াস গ্রামে। সেখানে টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। গত ১৭ মে টিকা নিয়ে অন্যদেরকে টিকা নিতে উত্সাহ জোগালেন এই শতবর্ষী বৃদ্ধা। সেনা কর্মকর্তা বলেন, ‘করোনা মহামারির অন্ধকারে আশার আলো জ্বেলেছেন ঢোলি দেবী। তার টিকা নেওয়ায় অনুপ্রাণিত হয়ে ঐ গ্রামের এখন অনেকেই টিকা নিতে আসছেন।’ ঢোলি দেবী গণমাধ্যমকে জানান, টিকা নেওয়ার পর তার কোনো সমস্যা হয়নি। —এনডিটিভি