সেমিনারে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে অন্তরায় গৃহস্থালি কাজের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এমন দৃষ্টিভঙ্গি বদলাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও অংশীদারিত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তাগণ। হাইব্রিড পদ্ধতিতে (জুম প্লাটফরম ও সরাসরি অংশগ্রহণ) আয়োজন করা হয় এ সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী ডালিয়া। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নুরুল বাসির। সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান।
বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত সহস াব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সাফল্য অর্জন করেছে। যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে শুরু হওয়া টেকসই উন্নয়ন অভীষ্ট ও লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে বর্তমান সরকার বদ্ধপরিকর। এগুলো বাস্তবায়নে ইতিমধ্যে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টনের পথনকশা (ম্যাপিং) প্রণয়ন করা হয়েছে। দায়িত্ব বণ্টন পথনকশা (ম্যাপিং) অনুযায়ী অভীষ্ট ৫-এর বিপরীতে লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৪ বাস্তবায়নকারী মন্ত্রণালয় হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে নারীর মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা এখনো স্বীকৃত নয়। তবে বর্তমানে সারাবিশ্বে মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন শুরু হয়েছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, মেক্সিকো, আর্জেন্টিনা, নেপালসহ বেশকিছু দেশ। আর বাংলাদেশে নারী ও পুরুষ উভয়ই মজুরিবিহীন কাজে নিয়োজিত থাকলেও এ কাজ সবচেয়ে বেশি করছেন নারীরা।
সমাজসেবা অধিদপ্তর এসডিজি অনুযায়ী অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া বক্তারা বলেন, এ অঞ্চলে নারীর কাজের মর্যাদা অতীতে ছিল না, এখনো পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি। তবে ধীর গতিতে হলেও অবস্থার পরিবর্তন হচ্ছে।