‘গণমাধ্যমের কণ্ঠরোধের চক্রান্ত চলছে’

ইত্তেফাক রিপোর্ট

গণফোরামের একাংশের নেতারা বলেছেন, দেশের সম্পদ লুণ্ঠন ও ভাগাভাগি হচ্ছে; কিন্তু দুর্নীতির তদন্ত হয় না। অবিলম্বে দুর্নীতিবাজ আমলা ও তাদের সহযোগী রাজনীতিবিদ আশ্রয়দাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন। সমাবেশের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, রোজিনাকে হেনস্তা ও কারাবন্দি করার মধ্য দিয়ে সরকার সাংবাদিক ও প্রতিবাদী মুখ বন্ধ করার চক্রান্ত করছে। জবাবদিহিহীন আমলানির্ভর এ সরকারের স্বাস্থ্য, আইসিটি, অর্থ, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সব জায়গায় লাগামহীন দুর্নীতি গণমাধ্যমে উঠে আসছে। দলটির নেতারা বলেন—সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার কণ্ঠরোধের চক্রান্ত চলছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর (অব.) আসাদুজ্জামান বীরবিক্রম, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম প্রমুখ।