স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় গতকাল সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উলটো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির ও ফারুক হোসেন নামে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকারবাড়ী এলাকার জানু মোল্লার ছেলে। ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালামের ছেলে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর ফারুক হোসেনকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। রোগীসহ আহত হন কমপক্ষে তিন জন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে এবং ট্রাকচালককে আটক করেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।