গফরগাঁওয়ের গ্রামে অনলাইন ক্যাসিনো, গ্রেফতার ৭

জুয়ায় ভার্চুয়াল কারেন্সির ব্যবহার

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিভৃত গ্রাম জয়ধরখালিতে অনলাইন ক্যাসিনো ব্যবসা পরিচালনার খবর পাওয়া গেছে। ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্যাসিনো প্লাটফরমের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা ও অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগে ক্যাসিনো প্লাটফরমের একজন অ্যাডমিন ও তার ছয় সহযোগীকে আটক করেছে পাগলা থানা পুলিশ। শুক্রবার বিকালে জয়ধরখালি বাজারের পাশে আ. বারেকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

এ ব্যাপারে শনিবার দুপুরে পাগলা থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পাগলা থানা পুলিশ আটককৃত সাত জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে ময়মনসিংহ জেলা আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলো কথিত অনলাইন ক্যাসিনো প্লাটফরমের অ্যাডমিন উপজেলার জয়ধরখালী গ্রামের আ. বারেকের ছেলে হাবিবুল্লাহ ও তার সহযোগী পাইথল গ্রামের মো. ইকবাল আহমেদ, জয়ধরখালি গ্রামের আনিছুর, গয়েশপুর গ্রামের রানা মিয়া, বড়বড়াই গ্রামের মো. রবিন, পাইথল গ্রামের রাজিব মিয়া ও জয়ধরখালি গ্রামের আরিফুল ইসলাম। তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন, চার্জার, বিভিন্ন ডিভাইস এবং অনলাইন ক্যাসিনোর হিসাবের খাতা উদ্ধার করা হয়।

জয়ধরখালি গ্রামের মো. ইসমাইল (৩২) জানান, অনলাইনে জুয়া খেলার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হওয়া সকলেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত একমাস যাবত্ তারা এই নেশায় জড়িয়ে পড়েছে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ এই চক্রটি দেশি-বিদেশি প্রতারকচক্রের হয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্যাসিনোর আদলে অনলাইনে জুয়া পরিচালনা করে এবং জুয়া খেলে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৫ ও ৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে