ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন প্রচার করা হয়। কিছু কিছু বিজ্ঞাপন বেশ রুচিশীল এবং মনোমুগ্ধকর। শুনতে বা দেখতে ভালোই লাগে। কিন্তু বেশিরভাগ বিজ্ঞাপনই অর্থহীন এবং বাস্তবতা বিবর্জিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটি চা কোম্পানির বিজ্ঞাপন প্রচার করা হয়। এতে একজন দাম্ভিক ভদ্রলোক তাঁর ক্ষমতা জাহির করতে গিয়ে কাউন্টারে বসা মহিলাকে বলেন, জানো আমি কে? উত্তরে সেই ভদ্রমহিলা মাইকে ঘোষণা করেন, এই ভদ্রলোক জানেন না তিনি কে? যদি কোনো সহূদয় ব্যক্তি তাঁর পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করবেন। কী কথার কী উত্তর! বিজ্ঞাপনে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। কিন্তু দেখা যায় বিজ্ঞাপনে অহরহ শিশুদের ব্যবহার করা হয়। এবং শিশুদের দিয়ে পাকা পাকা কথা বলালে শিশুদের ইঁচড়ে পাকা ভাবটিই ফুটে ওঠে, যা কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞাপন একটি চমত্কার শিল্প। কাজেই সেই শিল্পের সৌন্দর্য রক্ষা করতে হবে। বিজ্ঞাপন মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা বিবেচনায় রাখা প্রয়োজন।
এম এ খালেক
৩৯/৩ নয়াটোলা, মগবাজার,
হাতিরঝিল, ঢাকা ১২১৭